বিজয় দিবসের কুচকাওয়াজ
প্রথমবারের মতো
লোগো ও থিম
সং তৈরি হল
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
বিজয় দিবসের কুচকাওয়াজ উপলক্ষে প্রথমবারের মতো লোগো ও থিম সং তৈরি করা হয়েছে। এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘বিজয় থেকে বিজয়ে’। গতকাল সাভার গলফ ক্লাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম এই লোগো উন্মোচিত করেন। এসময় ‘বিজয় থেকে বিজয়ে’ লোগোর স্মারক শিল্পী ও মাত্রা’র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ সাভার সেনানিবাসের অফিসাররা সস্ত্রীক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করে চ্যানেল আই।
অনুষ্ঠানে মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম বলেন, এবারের ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসের কুচকাওয়াজ হবে বিশাল আয়োজনে। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রদর্শিত হবে দেশের সর্ববৃহত্ জাতীয় পতাকা। এছাড়া নারী সৈনিক ও নারী মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক এমডিটি ২০১০ ট্যাংকসহ সামরিক সমরাস্ত্রও প্রদর্শনী হবে।
ফরিদুর রেজা সাগর বলেন, এবারের বিজয় দিবসকে আরো অর্থবহভাবে পালন করতে চায়। বিজয়ের উল্লাস ছড়িয়ে দিতে চায় সবার জীবনে।
আফজাল হোসেন বলেন, ৪১ বছর ধরে বিজয় দিবস আমাদের জীবনে আছে। এবার বিশেষভাবে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বলেন, আমাদের পরবর্তী বিজয়টা হয়তো হবে অর্থনৈতিক বিজয়। অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এবারের কুচকাওয়াজকে বিশাল পরিসরে সাজানোর জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ২৬ নভেম্বর প্রেসিডেন্ট মো:জিল্লুর রহমানকে ‘বিজয় থেকে বিজয়ে’র স্মারক পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে আনা হয় বিজয়ের লাল সূর্য। এরই ধারাবাহিকতা নানা মহল থেকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। একটি সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে ৪২ বছর আগে যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন যাত্রা আজ বিজয় থেকে বিজয়ের পথে দুর্দান্ত সাহস নিয়ে এগিয়ে চলেছে। এতে জানানো হয়, বিজয় দিবসের অনুষ্ঠান মালায় রয়েছে সামরিক জাদুঘরে স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী, জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহর সজ্জা। বিজয় দিবস কুচকাওয়াজ ২০১২ এর মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই ও ইভেন্ট পার্টনার হিসেবে মাত্রা, আর্ডেন্ট ও মুকিমস ক্রিয়েশনস দায়িত্ব পালন করবে।