নাগেশ্বরীতে সরিষা চাষে লক্ষ্যমাত্রা অর্জিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষার চাষ হয়েছে। দিগন্ত বিস্তৃত জমিতে শোভা পাচ্ছে হলদে সরিষা ফুল। ক্ষেতের অবস্থা অত্যন্ত ভালো। উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ বছর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ১ হাজার ১৮০ হেক্টর জমিতে। অনেকের মতে প্রধান খাদ্যশস্য ধানের প্রতি কৃষকের দৃষ্টি বেশি থাকায় অনুকূল আবহাওয়া ও এ বছর কৃষি পুনর্বাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ ইউনিয়নের ২ হাজার ৪৪৫ জন কৃষককে ১ বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের সরিষার বীজ সার দেয়ার পরেও প্রত্যাশা মাফিক সরিষার চাষ বাড়েনি। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সহযোগিতা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত কাউন্সিল করার কারণে ক্রমে সরিষা হারানো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। কৃষক আগের চেয়ে বেশি জমিতে সরিষার চাষ করছে।