ঠাকুরগাঁওয়ে আমন কাটার ধুম, ব্যস্ত চাতাল
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াই পুরোদমে শুরু হয়েছে। হাট-বাজারে এখন প্রচুর পরিমাণে আমন ধান উঠতে শুরু করেছে। ধানের অভাবে বন্ধ হয়ে যাওয়া চাতাল কলগুলো মৌসুমের শুরুতেই আবার সচল হয়ে উঠছে। বন্ধ থাকা চাতাল কলের বেকার শ্রমিকরা আবার কর্মব্যস্ত হয়ে উঠছে। চাতালে চাতালে এখন ধান শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে নারী-পুরুষ শ্রমিকরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর এ এলাকায় আমন ধানের ফলন ভাল হওয়ায় চাতাল কলগুলোতে ধানের সরবরাহও বাড়ছে।
কৃষি বিভাগের মতে ঠাকুরগাঁও জেলায় এ বছর ১ লাখ ২৫ হাজার ৯শ ৩৭ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল কিন্তু চাষ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৫শ হেক্টর জমিতে। সরকারি হিসেবে এ বছর ৩ লাখ ৩০ হাজার মে.টন ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, জেলায় লাইসেন্সপ্রাপ্ত ১২শ চাতাল কল রয়েছে। এসব চাতালকলে প্রায় ৫ হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করে। চাতালকলগুলো নতুন ধান ওঠার পর পুরোদমে চালু হওয়ায় এসব শ্রমিকের ব্যস্ততা ও আয় দুটোই বেড়েছে। তবে চাতালে কমর্রত নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। একজন পুরুষ শ্রমিক যেখানে প্রতিদিন কাজ করে ২৫০ থেকে ৩শ টাকা পায়, সেখানে একজন নারী শ্রমিক একশ থেকে একশ ৮০ মজুরি পেয়ে থাকে।