কুষ্টিয়ায় এক রাতে চারটি ট্রান্সফরমার চুরি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৮
শুক্রবার রাতে কুষ্টিয়ায় ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সদর উপজেলার কবুরহাট,দোস্তপাড়া ও খাজানগর এলাকায় লাইন চালু অবস্থায় চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি যাওয়া ট্রন্সফরমারগুলোর মধ্যে ২টি ১০০ কেভিএ ও ২টি ২০০ কেভিএ ট্রান্সফরমার রয়েছে। চুরির ফলে ১০/১২ লাখ ক্ষতি হয়েছে। এদিকে এর আগেও ওইসব এলাকা থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও চুরি রোধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে ট্রান্সফরমার চুরির ফলে খাজানগর চালের মোকামের আওতাধীন ৪০/৪৫টি রাইচ মিলে উত্পাদন বন্ধ ও প্রায় তিন হাজার গ্রাহক বিদ্যুতের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া রাইচ মিল বন্ধের কারণে শ্রমিকদের কাজ বন্ধ ও মোকামে চাল উত্পাদন ব্যাহত হচ্ছে। চুরি যাওয়া ট্রান্সফরমারের জায়গায় কখন নতুন ট্রান্সফরমার সংযোজন করা হবে তা বিদ্যুত্ বিভাগের কর্মকর্তারা সঠিকভাবে জানাতে পারেননি। ট্রান্সফরমার চুরি অব্যাহত ও গ্রাহক ভোগান্তিতে এলাকাবাসী বিদ্যুত্ বিভাগের গাফিলতি ও ঔদাসীনতাকে দায়ী করেছেন। বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী সৈয়দ একে সিরাজুন-নূর জুলু জানান, ট্রান্সফরমার চুরিরোধে কিছু করার নেই। গ্রাহকদের ভোগান্তি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, বিদ্যুত্ বিভাগের খুলনা সদর দফতর থেকে ট্রান্সফরমার প্রাপ্তিসাপেক্ষে নতুন ট্রান্সফরমার সংযোজনের পর ওইসব এলাকায় বিদ্যুত্ চালু হবে। ট্রান্সফরমার চুরির ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হবে বলে ওই কর্মকর্তা জানান।