জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব

ক্ষতিগ্রস্তদের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনায় এ্যাডভোকেসি সভা

ডিসপ্লেসমেন্ট সল্যুশন্স এর সহযোগিতায় ও উন্নয়ন সংগঠন ইপসা এবং বটিয়াঘাটার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’ এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার খুলনার এ্যাওসেড ট্রেনিং রুমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এবং স্থানচ্যুত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এক এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল কাদির, এ্যাডভোকেট ফিরোজ আহমেদ এবং ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। প্রধান অতিথি তার বক্তব্যে উপকুলীয় অঞ্চলে জলবায়ু জনিত কারণে বাস্তুচ্যুত মানুষের অধিকার আদায়ে সকলকে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এ অঞ্চলে জলবায়ু উদ্বাস্তুদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অন্যদিকে, ইপসা’র কার্যক্রম এবং এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ইপসার’র প্রোগ্রাম অফিসার সৈয়দ আশ্রাফ উল্লাহ এবং মূল ধারণাপত্র উপস্থাপন করেন ইপসার যুব কার্যক্রমের ফোকাল পারসন সুবীর দাশ। সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে ভূমি ব্যবহার, গৃহায়ণসহ জনজীবনের অর্থনৈতিক ও সামাজিক অর্জনগুলো ব্যাহত হচ্ছে বলে তারা উল্লেখ করেন। ক্ষতিগ্রস্তদের সমস্যা নিরসনে অধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ এবং তাদের ঘর, ভূমি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকার, বেসরকারি সংস্থাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের একত্রে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তারা। হিউম্যানিটি ওয়াচ-খুলনা’র প্রধান নির্বাহী হাসান মেহেদী, এ্যাওসেড-খুলনা’র নির্বাহী পরিচালক শামীম আরফীন, রূপায়ণ এর নির্বাহী পরিচালক খালিদ হোসেন, বেলা-খুলনা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুশীলনের পরামর্শক রেজাউল হক, জেজেএস এর নাসিরউদ্দিন সহ ২৫ জন এনজিও প্রতিনিধি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক তুষার কান্তি রায়, কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমা শংকর রায়, ছুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আশরাফ, স্থানচ্যুত মানুষের প্রতিনিধি ফাতেমা বেগম এবং দৈনিক সকালের খবর -এর খুলনা প্রতিনিধি মল্লিক সুধাংশুসহ মোট ৪৫ জন এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন। পরে সভা সম্পর্কে লোকজ এর পক্ষ থেকে বটিয়াঘাটায় সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়।