সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ২১ বাড়ি পুড়ে ছাই

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নতুন চরখাগরিয়া এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২১ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। উপজেলার নতুন চরখাগরিয়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আবুল কাশেম জানান, গত শনিবার রাত ৩টার দিকে পার্শ্ববর্তী ড্রাইভার আলী হোসেনের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার বাড়িসহ ২১ ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পরিবারের সব সদস্যদের ঘুম থেকে তুলে ঘর থেকে বের করে দেয়া হয়। এতে বাড়ির লোকজন রক্ষা পায়। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় এক ঘণ্টার মধ্যে ২১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ পরিবারের নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো- আবুল কাশেম, বশির আহমদ, আবু সৈয়দ, আহমদ নবী, রহমত আলী, সরাফত আলী, আবুল হোসেন, নুরুল আলম, আলী হোসেন, নাছির আহমদ, নুরুল কবির, আহমদ কবির, দেলোয়ার হোসেন, বাহাদুর, আমির হোসেন, মোঃ হোসেন ও মীর হোসেন।