গোপালগঞ্জে ট্রলি চাপা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জে ট্রলি চাপা পড়ে রাবেয়া বেগম ওরফে রাহি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ-মানিকহার সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাজীর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ গ্রামের মৃত আলাউদ্দিন শেখের স্ত্রী। গোপালগঞ্জ সদর থানার এস.আই ইদ্রিস আলী জানান, সকালে ওই বৃদ্ধা একটি ট্রলির পাশে ছিলেন। দাঁড়িয়ে থাকা ওই ট্রলিটিকে আচমকা পেছন থেকে অপর একটি ট্রলি ধাক্কা দিলে ট্রলির চাকার নিচে রাবেয়া বেগম চাপা পড়ে মারাত্মক আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।