রাবিতে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ)-এর ৬ তলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণ কাজে সিমেন্ট-এর পরিবর্তে বালু দিয়ে নির্মাণ কাজ চলমান অবস্থায় হাতেনাতে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় নির্মাণ কাজ সাময়িক বন্ধ করে দিয়েছে আইবিএ কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুর দিকে ৫ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৯৮১ হাজার টাকার মূল্য টেন্ডার ড্রপ করে আইবিএ’র ৬ তলা ভবন নির্মাণের কাজের দায়িত্ব পায় যৌথভাবে মেসার্স এইচএন ট্রেডার্স ও এইচএম কন্সট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠান। আইবিএ’এর নিজস্ব অর্থায়নে ২৭ জুন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইবিএএস ভবনের পূর্ব পাশে অবস্থিত খোলা জায়গায় ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ভবনটি নির্মাণ কাজ শুরুর দিকে নিম্নমানের পাথর ও বালু দিয়ে কাজ শুরু করলে ভবনটির পর্যবেক্ষক কমিটির চাপের মুখে তারা পাথর এবং বালুর পরির্বতন করে। সম্প্রতি আইবিএর পরিচালক প্রফেসর ড. অভিনয় চন্দ্র সাহা, ড. মো. আখতারউদ্দীন, ড. মোহা. হাছানাত আলীসহ কয়েকজন প্রকৌশলী নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় তারা কিং ব্র্যান্ড সিমেন্টের বস্তার ভিতরে সিমেন্টের সাথে ৮০ শতাংশ বালুর মিশ্রণ দেখতে পান। বালু মিশ্রিত ৩০/৩৫ বস্তা সিমেন্ট দেখে পর্যবেক্ষক দল নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন। ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ এন ট্রেডার্সেও স্বত্বাধিকারী হাবিবুর রহমান বলেন, নির্মাণের সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা নেই। এর মূল ঠিকাদার এইচ এম কন্সট্রাকশন। এ ব্যাপারে আইবিএ’র সহযোগী অধ্যাপক হাছানাত আলী বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজশে এ কাজটি করা হয়েছে। যেখানে রাবির আইবিএ নিজস্ব অর্থায়নে এ ধরনের একটি ভবন নির্মাণ করছে, সেখানে এই দুর্নীতি কোনোভাবেই কাম্য নয়। আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা বলেন, আমরা হাতে-নাতে বিষয়টি ধরার পর সাময়িক ভাবে কাজটি বন্ধ রেখেছি।