আনন্দে ভাসছে খুলনাবাসী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ দলের টানা দুটি বিশাল জয়ে আনন্দে ভাসছে খুলনাবাসী। খুলনাবাসী গতকাল রবিবার বিকাল থেকে যেন সব ধরনের দুঃখ, কষ্ট ভুলে গেছে। তাদের মুখে এক সুর,‘আমরাতো লাকি বটেই, আর আমাদের গ্রাউন্ডও লাকি। আর এ দাবিটা একমাত্র আমরাই করতে পারি।’ নিজেদের আরেক ঝলক আনন্দ প্রকাশ করতে গিয়ে এ ধরনের উক্তি প্রকাশ করতে ভুললেন না খুলনার দর্শকরা। বাংলাদেশ দলের দ্বিতীয় জয়ে আনন্দে আত্মহারা খুলনাবাসীর মুখে মুখে এখন একটিই শব্দ ‘লাকি ভেন্যু খুলনা’। বাংলাদেশ ওয়ান্ডে ক্রিকেটের মর্যাদা লাভ করার পর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয় লাভ করে। এরপর দীর্ঘপথ পরিক্রমা শেষে এ বছরই আবু নাসের স্টেডিয়াম হয় দেশের ৭ম টেস্ট ভেন্যু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের প্রথম দুটিই অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। আর পরপর দু’ম্যাচেই অতিথিদের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। ফলে খুলনায় যে চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার সব কয়টিতেই জিতল বাংলাদেশ। গতকাল ক্যারিবীয়দের হারানোর পর স্টেডিয়ামসহ শহর জুড়ে আনন্দ মিছিলের ঢল নামে। মিছিল থেকে দাবি ওঠে এখন থেকে বাংলাদেশে কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে খুলনার মাঠে অবশ্যই খেলা দিতে হবে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান উল্লসিতভাবে বলেন, ‘আমরা কী অন্যায় কোন দাবি করেছি?’ নগরীর সরকারি আযম খান কমার্স কলেজের ছাত্র সুমন বলেন, ‘বাকি তিনটি খেলা খুলনায় হলে আমরা ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে ছাড়তাম।’ খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া বলেন, ‘সত্যি জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। বিজয়ের মাসে আমাদের আরেকটি বিজয়োল্লাস। আয়োজকদের কাছে আমাদের দাবি এরপর থেকে খুলনায় যেন বেশি বেশি খেলার আয়োজন করা হয়। নগরীর জোহরা খাতুন স্কুলের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী হুমায়রা, মারিয়া, আরিন এসেছিল তাদের বাবা মায়ের হাত ধরে। তাদের আনন্দ যেন থামেই না। শুধু শিশুরাই নয়, জয়ের আনন্দে ভাসছে খুলনার আবাল বৃদ্ধবনিতা। নারী-পুরুষ হাতে হাত ধরে নাচছে গাইছে। বাজিতে হেরে যাওয়া বন্ধুর মনও খারাপ নয়। গোটা শহরময় মিছিলের নগরী। চলছে মিষ্টির ছড়াছড়ি, অনেক স্থানে আয়োজন করা হয়েছে ব্যান্ড শো’, কোথাও কোথাও পিকনিক। সন্ধ্যার পর আতশবাজির ঝলকানি নগরবাসীকে আরো উজ্জীবিত করেছে। ঢাকা থেকে আসা বিসিবি’র এক কর্মকর্তা তো বলেই ফেললেন, জয়ের আনন্দ কিভাবে প্রকাশ করতে হয়, খুলনাবাসী তা জানে।