পাকিস্তানের রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন ফাতিমা ভুট্টো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২২:৩১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আত্মঘাতী হামলায় প্রয়াত বেনজির ভুট্টোর ভাতিজি ফাতিমা ভুট্টো সেদেশের রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। ফাতিমা ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রধান বেনজির ভুট্টোর ভাই মুর্তজা ভুট্টোর কন্যা। ৩০ বছর বয়সী ফাতিমা রাজনীতিতে নামছেন পাকিস্তানে এমন গুজব ছিল বেশ কিছুদিন ধরে। তবে ফাতিমা বরাবরই দাবি করে আসছেন, রাজনীতিতে জড়ানোর পরিকল্পনা তার আপাতত নেই। কিন্তু তার সত্মা গিনওয়া ভুট্টো ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনেই তার কন্যার রাজনীতিতে অভিষেক ঘটছে। ফাতিমা একজন লেখিকা এবং সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী। খবর জি নিউজ ও এক্সপ্রেস টাইমসের।
সূত্র জানায়, বেনজির ভুট্টো নিহত হবার পর ভুট্টো পরিবার থেকে কে তার শুন্যস্থান পূরণ করবে এমন জল্পনা কল্পনা শুরু হয়। এ ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ফাতিমার নাম সম্ভাবনার তালিকায় সবচে’ আগে ছিল। কিন্তু ফাতিমা রাজনীতির ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। ফাতিমার সত্মা গিনওয়া ভুট্টো ‘পাকিস্তান পিপলস পার্টি-শহীদ ভুট্টো (পিপিপি-এসবি)’ -এর প্রধান। শনিবার পাঞ্জাবে একটি জনসভা থেকে তিনি কন্যার রাজনীতিতে আগমণের ঘোষণা দেন। গিনওয়া বলেন, নতুন বছরেই পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে পাঞ্জাবের কোনো একটি আসন থেকে সংসদ নির্বাচনে লড়াই করবেন। গিনওয়া ভুট্টো অভিযোগ করেছেন, মুর্তজা এবং বেনজিরের খুনিরাই এখন পিপিপি চালাচ্ছে। তারা বেনজিরের নাম ভাঙ্গিয়ে লুটেপুটে খাচ্ছে। ফাতিমা ভুট্টো রাজনীতিতে এসে পাকিস্তানের রাজনীতিতে নতুন ধারা চালু করতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত: ১৯৯৬ সালে করাচিতে নিজ বাড়ির বাইরে আততায়ীর গুলিতে মুর্তজা ভুট্টো নিহত হবার পর থেকেই গিনওয়ার সঙ্গে জারদারি এবং বেনজিরের সম্পর্কের অবনতি হয়। ফাতিমা ‘সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড’ নামে একটি বই লিখেছেন যা পাকিস্তানে আলোচনার ঝড় তোলে। এই বইয়ে ফাতিমা পাকিস্তান পিপলস পার্টির এব রাজনীতির নামে ‘পরিবারতন্ত্রের’ কঠোর সমালোচনা করেছেন।