বিজয়ের মাসে অবরোধ ব্যারিকেড প্রত্যাহারের আহ্বান

বিজয়ের মাস ডিসেম্বরে অবরোধ-ব্যারিকেডের মতো কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবার জাতি মাসব্যাপী বিজয়ের উত্সবে নেমেছে। এই মাসে অবরোধ কর্মসূচি দেয়ার মানে হলো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা। স্বাধীনতা বিরোধী জামায়াতকে উত্সাহ দেয়া। তাই এই কর্মসূচি প্রত্যাহার করুন। স্বাধীনতা বিরোধীদের পক্ষ ছেড়ে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে সহযোগিতা করুন। গতকাল রবিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম দলের পক্ষে এসব কথা বলেন। এ বছর বিজয় দিবস উদযাপনের জন্য গঠিত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিজয়ের মাসের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে বিজয় আনন্দ উপভোগ করার সুযোগ দেয়ার জন্য বিএনপিসহ সব বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিজয়ের মাসের কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ নাসিম বলেন, আজ সোমবার ভোর ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে নির্মিত বিজয় মঞ্চে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার বিজয় উত্সব ভিন্ন আঙ্গিকে ও মাত্রায় পালিত হবে। আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে ‘দেশ এগিয়ে যাচ্ছে’ এই স্লোগান নিয়ে সরকারের সফলতা তুলে ধরতে প্রতিদিন সংশ্লিষ্ট মন্ত্রীর নেতৃত্বে বিজয় মঞ্চে তথ্য নির্ভর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে বিজয় উত্সবের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ইকবালুর রহিম এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে জানানো হয়, বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। সবশেষে পরিবেশিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা। এছাড়াও ৪ ডিসেম্বর থেকে প্রতিদিন বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালায় থাকবে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর কর্মজীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, পথ নাটক ইত্যাদি। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত বিজয় মঞ্চে ৮ ডিসেম্বর আওয়ামী যুবলীগ, ১১ ডিসেম্বর আওয়ামী স্বেচ্ছাসবক লীগ, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ১৯ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগ, ২২ ডিসেম্বর যুব মহিলা লীগ, ২৪ ডিসেম্বর তাঁতি লীগ এবং ৩০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন সূর্যোদয় ক্ষণে ৬টা ৪৩ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, সকাল ৭টা ১৫ মিনিট বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন, সকাল ৮টা রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বিকাল ৩টা ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিজয় দিবসের কর্মসূচি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ওইদিন সূর্যোদয় ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল। বিজয় শোভাযাত্রা সহকারে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত শিখা চিরন্তনে বিকাল ৪টা ২০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট বুদ্ধিজীবিগণ অংশ নিবেন।