ছিটকে গেলেন আবুল হাসান
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা একদিকে দলকে যেমন আনন্দের উপলক্ষ দিচ্ছে, তেমনই একটু বিপাকেও ফেলছে। টেস্ট সিরিজ শেষেই দল থেকে ছিটকে গেছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তার পথ ধরে বাকি তিন ওয়ানডের দল থেকে ইনজুুরির জন্য ছিটকে পড়লেন পেসার আবুল হাসান।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০ রানে জয় পাওয়া ওয়ানডেতে বল করতে গিয়ে পিঠের পাশের দিকে টান লাগে আবুল হাসানের। গতকাল তার স্বাস্থ্য পরীক্ষা করে বিসিবি নিশ্চিত হয়েছে, এই সিরিজ অন্তত তার পক্ষে খেলা সম্ভব না। গতকালই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের বাকি তিন ম্যাচে এই পেসার আর থাকছেন না। তার বদলে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান।
আবুল হাসানের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে বিসিবির চিকিত্সক দেবাশীষ চৌধুরী বললেন, ‘আমি এখনও ওকে দেখিনি। তবে টিভিতে দেখে মনে হয়েছে সাইড স্ট্রেইন। এটা খুব গুরুতর কিছু না হলেও বিশ্রাম দরকার হয়। তাই ওকে বিশ্রাম দেয়া হয়েছে।’
আবুল হাসানের অভিষেক হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট, খুলনাতেই। ওই একই ভেন্যুতে ওয়ানডে অভিষেক হয়েছে তার। টেস্ট অভিষেকে দশ নম্বরে নেমে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড স্পর্শ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। শত বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করে দশ নম্বরে অভিষেক সেঞ্চুরি করেছিলেন।
কিন্তু আসল যে কাজ, সেই বোলিংয়ে তেমন কিছু করতে পারেননি আবুল হাসান। টেস্টের দুই ইনিংসে ১১৩ রান এবং দুই ওয়ানডেতে ৫৪ রান দিয়ে উইকেট শূন্যই ছিলেন। ফলে বোলার আবুল হাসানকে বাংলাদেশ খুব মিস করবে, এটা বলা যাচ্ছে না।