জামালপুরে ক্ষতিপূরণ দিচ্ছে না পাউবো

জামালপুরের পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণকৃত ভূমির ক্ষতি পূরণ না দেয়ায় হতাশ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা মালিকরা। দু’বছর আগে জামালপুর পানি উন্নয়ন বোর্ড সেকেন্ডারি টাউন্স ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন প্রকল্পের আওতায় ৫.৬৫০ কিঃ মিঃ দৈর্ঘ্য শহর রক্ষা বাঁধ নির্মাণের কাজ হাতে নেয়। এই প্রকল্পের জন্য ৫ গ্রুপে মোট ২৬.৪৮৪১ (একর) জমি অধিগ্রহণ করা হয়। এ প্রকল্পের এল,এ কেস নং -০২/২০১০-২০১১ এর মাধ্যমে জামালপুর শহরের কুর্শাকাঙ্গর পাড়া মৌজার পীর দরবার শরীফ ও হাফেজিয়া মাদ্রাসার নিজস্ব ০.৩০ শতাংশ ভূমিসহ ১.৫৬৮৯ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ৪টি গ্রুপের ২৪.৯১৫২(একর) জমির ক্ষতিপূরণ বাবদ মোট ৩,৪৭,৫৪,৭৯৬/০৭ টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। কিন্তু (স্টীপ-২) প্রকল্পের পীর দরবার শরীফ ও হাফেজিয়া মাদ্রাসার ক্ষতিপূরণ আজও দেয়া হয়নি। তারপরও পাউবো দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে প্রকল্পের কাজ প্রায় শেষ করে ফেলেছে। কাজ শেষ পর্যায়ে এলেও ক্ষতিপূরণের টাকা আজও দেয়া হচ্ছে না। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে বারং বার তাগিদ দেয়া সত্ত্বেও পাউবো ক্ষতিপূরণের টাকা দিচ্ছে না। এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভুঁইয়া জানান, গত ২২ নভেম্বর/১২ ওই প্রকল্পের ক্ষতিপূরণ বাবদ আরো ২৮,৬১,৫৫২/০৮টাকার চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চাহিদাপত্রের টাকা পাওয়া গেলেই ক্ষতিপূরণ দেয়া হবে। দীর্ঘসূত্রিতার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ভূমি মালিকরা।