জীবননগরে নিম্নমানের ধানবীজে বাজার সয়লাব

জীবননগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিম্নমানের ধানবীজ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। ফলে কৃষকরা প্রতারিত হচ্ছে। ইরি-বোরো মৌসুমের বীজতলা তৈরির জন্য কৃষকরা ইতোমধ্যে ধানবীজের দোকানগুলোতে ভিড় করছেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে এলাকার অসাধু বীজ ব্যবসায়ীরা নামিদামি কোম্পানির আকর্ষণীয় নকল মোড়কে নিম্নমানের ধানবীজ ভরে বিভিন্ন হাট-বাজরে বিক্রি করছে। উপজেলার উথলী, আন্দুলবাড়ীয়া, হাসাদাহ, সন্তোষপুর ও রায়পুর বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে এসব নিম্নমানের ধানবীজ বিক্রি করা হচ্ছে। দাম কম হওয়ায় এসব বীজ ক্রয় করে বীজতলা তৈরি করলেও চারা না গজানোর কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বীজ ব্যবসায়ী জানান, অসাধু ব্যবসায়ীরা নামিদামি কোম্পানির খালি মোড়কে নিম্নমানের ধানবীজ ভরে তা বাজারজাত করছে। সন্তোষপুর গ্রামের কৃষক আবিদ হোসেন বলেন, বাজারে নিম্নমানের ধানবীজ বেচাকেনার ওপর উপজেলা কৃষি অফিসের নজরদারি থাকলে কৃষকের প্রতারিত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে।