লালমনিরহাটে মানববন্ধন

অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষক নিয়োগের দাবি

গতকাল সোমবার লালমনিরহাট মিশন মোড় চত্বরে রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের চাকরিতে নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়। পরে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের প্যানেলভুক্ত শিক্ষক মোঃ মিজানুর রহমান। এ সময় প্যানেলভুক্ত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার সাইদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার লেবু হোসেন, হাতীবান্ধা উপজেলার এস এ খালেক, পাটগ্রাম উপজেলার তাহেদুল ইসলাম প্রমুখ। এদিকে আদিতমারী সংবাদদাতা জানান, আদিতমারী উপজেলার রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমাণ প্রার্থীরা গত রবিবার নিয়োগের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে এ উপজেলার ১৪২ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। তাদের মধ্য থেকে ৩০ জনকে নিয়োগ দেয়া হলেও বাকিদের নিয়োগ দেয়া হয়নি আজও। এসব অপেক্ষমাণ প্রার্থীরা মেধাক্রম অনুযায়ী দ্রুত নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।