ঠাকুরগাঁওয়ে ড্রাম চিমনি ইটভাটা বন্ধের দাবি

ড্রাম চিমনি ইটভাটা বন্ধের দাবিতে গতকাল রবিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঠাকুরগাঁও জেলা ইটভাটা মালিক সমিতি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঠাকুরগাঁও জেলায় ৪৭টি ফিক্সড চিমনি ইটভাটা রয়েছে। এসব ভাটার মালিকরা ভ্যাট, আয়কর, বিএসটিআই অনুমতি, পরিবেশ ছাড়পত্রসহ প্রশাসনকে ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে বৈধভাবে ব্যবসা করে আসছে। অপরদিকে সরকারকে কোনরূপ ভ্যাট প্রদান না করে ড্রাম চিমনি ইটভাটা মালিকরা সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে ইটভাটা মালিক সমিতি ড্রাম চিমনি ইটভাটা বন্ধ করে। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে জেলায় প্রায় ২৭টি ড্রাম চিমনি ইটভাটায় ইট পোড়া শুরু করেছে। এ ঘটনার প্রতিবাদে জেলা ইটভাটা মালিক সমিতি সংবাদ সম্মেলন করে প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার রামবাবু, সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, হুমায়ুন প্রমুখ।