কাশিয়ানীতে গৃহবধূ নির্যাতন স্বামী গ্রেফতার

যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে এক সন্তানের জননী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের। জানা যায়, নয় বছর পূর্বে খায়েরহাট গ্রামের মৃত ইউনুচ শেখের পুত্র কামাল শেখ (৩২) পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার মহিষারঘোপ গ্রামের মৃত ইনায়েত মোল্যার কন্যা তহমিনা বেগমের বিবাহ হয়। বর্তমান তহমিনা ৪ বছরের একটি পুত্র সন্তানের জননী। দীর্ঘদিন ধরে তহমিনাকে পাষণ্ড স্বামী কামাল শ্বশুর বাড়ি হতে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য জোর চাপ প্রয়োগ করে। টাকা আনতে অপারগতা প্রকাশ করায় গত ২৮ নভেম্বর স্বামী কামাল তহমিনাকে বেদমভাবে মারপিট করে। একই দিন তহমিনার মা ও চাচা মুমূর্ষু অবস্থায় তাকে কাশিয়ানী সরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তহমিনা বাদি হয়ে কাশিয়ানী থানায় নারী নির্যাতন ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কামাল শেখকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।