কাপাসিয়ায় পাঠদান বন্ধ রেখে পরীক্ষার খাতা মূল্যায়ন

গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে উপজেলা পরিষদে এসে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন। ফলে বিদ্যালয়ে গমনকারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার প্রায় ৪শ শিক্ষক উপজেলা পরিষদে এসে গত ২৩ নভেম্বর থেকে পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন। ফলে যেসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা খাতা মুল্যায়নের জন্য চলে এসেছেন সেসব বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পাঠদান ব্যাহত হচ্ছে। এব্যাপারে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সঠিকভাবে খাতা মূল্যায়ন করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।