তানোরে সরকারি জমিতে অবৈধ কোল্ডস্টোরেজ

রাজশাহীর তানোরে সরকারি জমিতে কোল্ডস্টোরেজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) পূর্বানুমতি কিংবা লিজ গ্রহণ ছাড়াই পৌরসভায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হচ্ছে বলে গত বৃহস্পতিবার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আরব আলী এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহীভিত্তিক একটি ব্যবসায়ী গ্রুপ প্রায় দেড় বছর আগে তানোর পৌরসভার ভাতরণ্ড মৌজায় কোল্ডস্টোরেজ নির্মাণের জন্য কিছু জমি ক্রয় করে। ওই ব্যবসায়ী গোষ্ঠীর ক্রয়কৃত জমিতে ৪২ নম্বর দাগে সরকারের ২২ শতাংশ খাস জমি কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে কোল্ডস্টোরেজ নির্মাণ শুরু করা হয়। নির্মাণাধীন কোল্ডস্টোরেজের নাম ‘এএম কোল্ডস্টোরেজ লি.’। এলাকার একাধিক ব্যক্তি সরকারি খাস জমিটুকু লিজ নেয়ার জন্য এসিল্যান্ড বরাবর আবেদন করেন। পরে এসিল্যান্ড ওই জমিটি পরিদর্শনে যান। পরিদর্শনে দেখা যায়, সরকারি খাস জমিতে ‘এএম কোল্ডস্টোরেজ লি.’ নির্মাণ করা হচ্ছে। ওইদিনই তিনি অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নোটিসের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এসিল্যান্ডের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ব্যবসায়ী গ্রুপটি কোল্ডস্টোরেজ নির্মাণ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে নির্মাণাধীন এএম কোল্ডস্টোরেজ লি.-এর ম্যানেজার আব্দুল খালেক জানান, তার প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম খাস জমিটি লিজ নিতে তানোর ভূমি অফিসে আবেদন করেছেন। এরপর নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু তানোর ভূমি অফিস থেকে খাস জমিটি লিজ না পেলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে লিজের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। তানোরের এসিল্যান্ড জয়নুল আবেদীন বলেন, ভাতরণ্ড মৌজার সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। জমিটি লিজের জন্য এলাকার প্রায় ২০/২৫ ব্যক্তি আবেদন করলেও কাউকে লিজ দেয়া হয়নি। কাউন্সিলর আরব আলী বলেন, অবৈধ দখলকারী আমান গ্রুপের মালিকের বিরুদ্ধে এসিল্যান্ড ব্যবস্থা না নিলে তিনি প্রয়োজনে আদালতের আশ্রয় নেবেন।