জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মন্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল-৭১ এ দলের নতুন এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এই দল গঠন নিয়ে বেশ প্রচারণা হলেও সংবাদ সম্মেলনে ‘জামায়াত-ছুট’ কেউ ছিলেন না। আমন্ত্রিত অতিথি হিসেবে অধ্যাপক দিলারা চৌধুরীসহ যাদের নাম বলা হয়েছিল তাদের প্রায় কেউই আসেননি। উপস্থিত ছিলেন মেজর (অব.) আবদুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, জুবায়ের আহমেদ ভুঁইয়া, মাওলানা আবদুল কাদের, মাওলানা তাজুল ইসলাম, গোলাম ফারুক, গৌতম দাস, ড. কামাল উদ্দিন প্রমুখ। ফলে কার্যত তাদের এই আত্মপ্রকাশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানিয়েছেন সেখানে উপস্থিত মন্জুর এক ঘনিষ্ঠ সহকর্মী। গত ফেব্রুয়ারি মাসে জামায়াতে ইসলামীতে বিভক্তির অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয় মন্জুকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন দলের সমন্বয়ক মজিবুর রহমান মন্জু বলেন, প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নয়, এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ, একটি স্বতন্ত্র ধারা। জামায়াতে ইসলামীসহ বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলটি হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ ও একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক কার্যক্রম।