মাহিন্দা রাজাপাকশে ফুটবল টুর্নামেন্ট
হারে শুরু বাংলাদেশের
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
শ্রীলংকার টুর্নামেন্টে শুরুটা ভালো হল না বাংলাদেশ অনূূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ০-১ গোলে পাকিস্তানের কাছে হেরেছে। ৮০ মিনিটে বাংলাদেশ একমাত্র গোলটি হজম করে।
চার জাতির এই মাহিন্দ রাজাপাকসে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও মালদ্বীপ ও শ্রীলংকা অংশগ্রহণ করছে। শ্রীলংকা সম্প্রতি নতুন একটি ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেছে। সে উপলক্ষে মন্ত্রণালয় থেকে টুর্নামেন্টের আয়োজন করা। এর জন্য দলগুলোকে নিজেদের খরচে নিয়ে গেছে তারা। বাংলাদেশের লক্ষ্য এই টুর্নামেন্টে যুব ফুটবল দলটাকে তৈরি করে নেয়া। কিন্তু কোচ সাইফুল বারী টিটুর দলটা প্রথম ম্যাচেই ১-০ ব্যবধানে হেরে গেছে। খেলার দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি মাঝারি একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু পাকিস্তানি ডিফেন্ডারদের কড়া নজরের কারণে রনি ছিলেন অসহায়। সোহেল রানার একটা শট সরাসরি পাকিস্তানি গোলকিপারের হাতে জমা পড়ে। ৬৪ মিনিটে পাকিস্তানি স্ট্রাইকার সাইদের শট জালে ঢুকতে দেননি বাংলাদেশের গোলকিপার মাকসুদুর রহমান মোস্তাক। ৮০ মিনিটে আবার সেই সাইদের শট গোলকিপার মোস্তাক ফিরিয়ে দিলেও ফিরতি শটে কলিম গোল করলে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
জাতীয় দলের চার ফুটবলার থাকলেও হারটায় বড় দেখার সুযোগ নেই। কারণ দলটাকে নিয়ে একসঙ্গে অনুশীলন করারও সুযোগ পাননি কোচ। এমন অবস্থায় পাকিস্তানকে ৮০ মিনিট পর্যন্ত গোল করতে না দেয়ার যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেটাও নিতান্ত কম নয়। যদিও পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা। তারা নিজেদের মাঠে খেলবে।
বাংলাদেশঃ মোস্তাক, লিংকন (রায়হান), মুন্না, কেষ্ট কুমার, উত্তম বনিক, মেজবাবুল হক মানিক, আলমগীর রানা (তৌহিদ), শাহেদ, মোবরাক (সবুজ), রনি, সোহেল রানা।