মেট্রোরেল নির্মাণে ২১০ কোটি ডলার ঋণ দিবে জাইকা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
রাজধানীতে মেট্রো রেল নির্মাণে ২ দশমিক ১ বিলিয়ন বা ২১০ কোটি ডলার ঋণ প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। মেট্রো রেল ছাড়া আরও তিন প্রকল্পে মোট ৮৯ কোটি ৮০ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাইকা। গতকাল সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জাইকার এক যৌথ সাংবাদিক সম্মেলনে জাইকার ভাইস প্রেসিডেন্ট তুসি ইউকি করইয়া নাগি এসব কথা জানান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদায়ী জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও আজ (মঙ্গলবার) থেকে ইআরডি সচিবের দায়িত্ব নেওয়া আবুল কালাম আজাদ ও জাইকার বাংলাদেশের প্রধান কর্মকর্তা তাকাও তোদা এ সময় উপস্থিত ছিলেন।
জাইকার ভাইস প্রেসিডেন্ট তুসি ইউকি বলেন, ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল নির্মাণে ঋণের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। কবে নাগাদ ঋণ চুক্তি অনুষ্ঠিত হবে তা এখনই বলা যাচ্ছে না। ২০১৭ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় জাইকার পক্ষ থেকে জানানো হয় মেট্রো রেল নির্মাণে দুর্নীতির আশঙ্কার বিষয়ে উদ্বিগ্ন নয় জাইকা।
ইআরডি’র জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ বলেন, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেট্রো রেল নির্মাণ করা হবে।