শ্রীলঙ্কা ফেরত ১১ শ্রমিকের জঙ্গি সম্পৃক্ততা মেলেনি

সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কা থেকে ফেরত আসা ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা মিলেনি। গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, আমরা ফেরত আসা শ্রমিকদের প্রত্যেকের আলাদা প্রোফাইল তৈরি করছি।

মনিরুল ইসলাম বলেন, শ্রমিকদের পুলিশি হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানা গেছে, তারা সাধারণ শ্রমিক ছিলেন। তাদের ওপরে ম্যানেজার ও সুপারভাইজার ছিল। তাই মালিকের সঙ্গে তেমন কোনো সম্পর্ক ছিল না। সাধারণ শ্রমিক হিসেবে পুরো সময়ে মাত্র দুইবার বা তিনবার মালিকের সঙ্গে সাক্ষাত্ হয়েছে। মালিকের সঙ্গে আসলেই অন্য কোনো সম্পর্ক ছিল কি-না তা জানতেই শ্রমিকদের আনা হয়েছে।

তিনি বলেন, ফেরত আসা ১১ জন শ্রমিক যে কারখানায় কাজ করত, সেটি জঙ্গি নেতা ইব্রাহীম ইনসাফ আহমেদের একটি তামার কারখানা ছিল। গ্লোব মেটাল নামে ওই কারখানার মালিক জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। যিনি সিনামন হোটেলে এটাক করতে গিয়ে মারা গেছে। এ ঘটনার পর ওই দেশের পুলিশ কারখানাটি বন্ধ করে দেয়। আর শ্রমিকদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব দেশে হাইকমিশন অফিসের মাধ্যমে ফেরত পাঠিয়েছে। মালিক সম্পর্কে এরা কিছু জানে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট থেকে এদের নিয়ে এসেছি।

আরেক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এদেশে সমান অধিকার নিয়ে খ্রীষ্টান সমপ্রদায়ের লোকেরা বাস করছে। কারো ভয়ের কিছু নেই। সবাই সমানভাবে ধর্ম পালন করছে। আমরা সমতায় বিশ্বাস করি। আইন সবার জন্য সমান জেনেই আমরা সকলকে নিরাপত্তা দিয়ে থাকি।