প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে জঙ্গি মোকাবেলা করতে হবে

ছাত্রলীগকে বাঁশের লাঠি নিয়ে মাঠে নেমে জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ। গতকাল সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দিয়ে বলেন, দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এবারো ছাত্রলীগকে একাত্তরের মত ঐক্যবদ্ধ হয়ে এই বিজয়ের মাসে বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত করতে হবে। প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে মাঠে নেমে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী শক্তিকে বিতাড়িত করতে হবে। ‘আরেকবার সুযোগ দিন দেশের চেহারা পাল্টে দিব’ মর্মে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, জঙ্গিবাদের হোতা জামায়াতকে সঙ্গে রাখলে দেশের জনগণ আপনাকে কখনোই ক্ষমতায় বসাবে না। কারণ আপনি ক্ষমতায় আসলে দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে। তিনি বলেন, জামায়াত দেশে পাকিস্তানের ভাবধারা ফিরিয়ে আনতে চায়। আর বিএনপি হলো পাকিস্তানের এজেন্ট। ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি এইচএম আবিদের সভাপতিত্বে এ সম্মেলন আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, তালুকদার তৌহিদ মুরাদ জং এমপি, ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।