আজ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩২
জামায়াতে ইসলামের হরতালের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে আজ মঙ্গলবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আগামীকালসহ অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার তারিখ স্কুল কর্তৃৃপক্ষ নির্ধারণ করবে।
ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, মঙ্গলবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা স্থগিত
আজ মঙ্গলবার অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আজকের পরিবর্তে আগামীকাল বুধবার বিতরণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা সকল জেলা প্রশাসকের (ডিসি) অফিসে জানানো হয়েছে। জামায়াতের ডাকা হরতালের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষা স্থগিত
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০১১-১২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) পরীক্ষার প্রথম বর্ষের মেটিরিয়া মেডিকা এবং তৃতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফিলসফি পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।