যুদ্ধাপরাধ বিচারের রায় ঘোষণার সময় হয়েছে জেনে মরিয়া জামায়াত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা এ মাসের শেষের দিকে শুরু হতে পারে। বিষয়টা যুদ্ধাপরাধীদের দোসর জামায়াত জানতে পেরেছে বলেই তারা উদ্বিগ্ন ও মরিয়া হয়ে উঠেছে। চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তবে অপশক্তির সকল নাশকতা রুখে দিতে সরকার প্রস্তুত। রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে বিজয়ের মাসে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিজয়ের মাস উপলক্ষে গতকাল সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার এখনই সময় উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা এ মাসের শেষদিকে শুরু হতে পারে। রায় কি হবে জানি না, এটা আদালতের বিষয়। তবে আশা করি, জাতি যা চায় এই রায়ে তা প্রতিফলিত হবে। তিনি বলেন, এ রায়ের সময় হয়ে আসার বিষয়টি বুঝতে পেরেই জামায়াতের কর্মীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই বিশৃঙ্খলা বন্ধ করতে না পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে কোনো মতবিরোধ থাকা উচিত নয়।
এ প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এখানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে। তাদের আগে থেকেই ইনফরমেশন দেয়ার পরও ব্যবস্থা নিতে পারেনি। তবে সরকার সব সময়ই অস্থিরতা সৃষ্টির সব ধরনের চেষ্টার বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে।