তোমাদের জন্য লেখা
ছোটদের মুক্তিযুদ্ধের দিনগুলি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:১১
ছোটদের মুক্তিযুদ্ধের দিনগুলি মফিদা আকবরের গল্পাকারে লেখা একখানি উপন্যাস। এ যাবত্ তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে তমালের স্বপ্ন, পরীর দেশে, সোনালি দ্বীপের ভূত, যাদুর পুকুর ও খোকা থেকে বঙ্গবন্ধু বইগুলো ছোটদের কাছে সমাদৃত হয়েছে।
বইটিতে লেখিকা মফিদা আকবর মুক্তিযুদ্ধের বর্ণনা করেছেন রাহুল ও তার দিদা সুলতানা হক দু’টি প্রধান চরিত্রের মাধ্যমে। রাহুল মুক্তিযুদ্ধের গল্প শুনতে চায়। এক পর্যায়ে দিদা মুক্তিযুদ্ধের গল্প বলতে বলতে কাঁদতে থাকে তখন রাহুলকে দিয়ে লেখিকা বর্ণনা করেছেন— “রাহুল দিদাকে বললো, থাক দিদা, যুদ্ধের গল্প বলতে হবে না। সেদিনও যুদ্ধের গল্প বলতে গিয়ে তুমি কেঁদেছিলে, আজও কাঁদছো। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। সুলতানা হক বললেন, নারে বোকা, যুদ্ধের গল্পই তো তোমাকে শুনতে হবে। আজকের তোমরাই তো আগামী দিনের নাগরিক। তোমার শিখতে হবে ইতিহাস, সত্যিকারের ইতিহাস জানতে হবে। কে জাতির পিতা? এদেশের স্থপতি কে? মাতৃভাষা বাংলা কি করে হলো, পাকিস্তানী বর্বর পাক হানাদার রাতের অন্ধকারে ঘুমন্ত বাঙালি জাতির ওপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন। শিশুরা সত্য ইতিহাসের নিরিখে বাংলাদেশকে জানতে পারবে। মফিদা আকবর বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীকে বইটি উত্সর্গ করেছেন।
বইটির ছাপা, বাঁধাই ও প্রচ্ছদ আকর্ষণীয়। বইটির ভেতরে বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের অলংকরণ আছে। প্রচ্ছদ ও অলংকরণ নাসিম আহমেদের আঁকা। এটি প্রকাশ করেছে বাংলাবাজারের বিশ্বসাহিত্য ভবন। মূল্য একশত টাকা। মুক্তিযুদ্ধের দিনগুলি ছোট-বড়ো সকলের ভালো লাগবে।