আমার প্রিয় বই
আমার ছেলেবেলা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:১২
এবার জেএসসি পরীক্ষা শেষ করেই একটি বই কিনে বাড়ি ফিরে আসি। বইটি আমার সবচেয়ে প্রিয় লেখকের। হুমায়ূন স্যারের যে বই পড়ি তাই ভালো লাগে। তবে এবারের বইটির ভালোলাগাটা একেবারেই অন্য ধরনের। কারণ এই বইটিতে লেখক তার ছোটবেলার অদ্ভুত অদ্ভুত সব ঘটনার কথা তুলে এনেছেন। এই বইয়ে তিনি তার জীবনের যেমন দুঃখের ঘটনার কথা বলেছেন, ঠিক একইভাবে আনন্দঘন মুহূর্তের কথা চমত্কারভাবে লিখেছেন। বইটি পড়ে আমি হুমায়ূন আহমেদের বিচিত্র শৈশবের ঘটনাগুলোর সাথে পরিচিত হই। কীভাবে তিনি পড়া ফাঁকি দিতেন, ঝগড়া করতেন, স্যারের কাছ থেকে শাস্তি পেতেন, কীভাবে খেলাধুলা করতেন— এসব বিষয়ের সাথে যোগ করতেন তার বাবার আদর্শিক চরিত্রটি। তার মা তাকে কীভাবে আদর করতেন এসবই উঠে আসে তাই এই বইটিতে। বইটি আমি এতো তাড়াতাড়ি শেষ করেছি যে ভাবতেই অবাক লাগে। প্রত্যেকটি পাতা যেন এক একটি কৌতূহলের দুনিয়া। এই বইটি পড়ার সাথে আমি তার জীবনযাত্রার সাথে পরিচিত হই। তবে দুঃখের বিষয় আমার এই প্রিয় বইয়ের লেখক এই দুনিয়ায় নেই। তার ভাষায় তিনি এখন চন্দ্র কারিগরের কাছে। প্রার্থনা করি তিনি যেন শান্তিতে থাকেন।
দেওয়ান ফাহিম ফয়সাল
সদস্য নম্বর- ১১৬১
কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল।