নওগাঁ সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীর হাতের নখ উপড়ে ফেলেছে বিএসএফ!

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় বিএসএফ জোয়ানদের বিরুদ্ধে বাংলাদেশি গরু ব্যবসায়ী আজিম উদ্দীনের (২৯) দুই হাতের আঙ্গুলের ১০টি নখ উপড়ে ফেলাসহ তার ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর রাতে উপজেলার পাতাড়ী সীমান্তের ভারতের অভ্যন্তরে রাঙ্গামাটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সকালে বিজিবির সদস্যরা সীমান্তে আজিমকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আজিম উদ্দিন সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী (তুলশী ডাঙ্গা) গ্রামের কাবির উদ্দীনের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে একদল গরু ব্যবসায়ীর সাথে আজিম উদ্দীনও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। গরু নিয়ে তারা শনিবার ভোরে পাতাড়ী সীমান্তের ২৪২ আর এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামন গোলা থানার রাঙ্গামাটি ক্যাম্পের  ৬০ বিএসএফ’র টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এ সময় অন্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দীনকে বিএসএফ জোয়ানরা ধরে ফেলে। এরপর আজিমকে ভারতীয় বিএসএফ ক্যাম্প এলাকায় নিয়ে গিয়ে দু’হাতের আঙ্গুলের নখ উপড়ে ফেলে এবং শারীরিক নির্যাতন করে। অমানুষিক নির্যাতনে আজিম জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে সীমান্তবর্তী পুর্ণভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে চলে যায়।

বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ জানান, আজিম উদ্দীন একজন চোরাকারবারি। তাকে সাপাহার থানায় হস্তান্তর করে প্রথমে চিকিত্সা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের জন্যে ভারতের বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।