না’গঞ্জে গার্মেন্টস লে-অফ ঘোষণায় শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শ্রমিক অসন্তোষের ঘটনায় রূপসী গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামের একটি রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকালে বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে ফতুল্লার শিবু মার্কেট এলাকার রূপসী গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মঙ্গলবার থেকে লে. অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম জানান, কারখানা লে-অফ ঘোষণা করায় শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলেও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শ্রমিকরা কোন কারণ ছাড়াই অযৌক্তিক দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। কারখানার অনেক টাকার মালামাল নষ্ট করেছে শ্রমিকরা। এদিকে, ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, কারখানার মালিকপক্ষের হয়ে স্থানীয় ঝুট ব্যবসায়ী রাসেল শ্রমিকদের উপর হামলা চালালে পুলিশ তাকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিস দেখে উত্তেজিত হয়ে পড়ে। তারা কারখানার সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করে। বিএনপির ব্যানারে আগুন দেয়ার অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিএনপি দলীয় নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুনে আওয়ামী লীগের লোকজন আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতাদের অভিযোগ, মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে আওয়ামী লীগ নেতারা বলেছে, এ ঘটনায় তারা সম্পৃক্ত নন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার হরতাল চলাকালে সকাল ৭টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় পিকেটিং করে জামায়াত ও শিবিরের লোকজন। পরে সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের সামনে আসার পর সেখান থেকে কয়েকজন কর্মী ওই স্থানে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছবি সম্বলিত ব্যানার, ফেষ্টুনে আগুন ধরিয়ে দেয়।