৭ দফা দাবি

ঢাকা বিভাগে ১১ ডিসেম্বর থেকে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট আহবান

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির আহবানে আগামী ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ঢাকা বিভাগে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট পালন করবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ট্রাকস্ট্যান্ডে ঐ সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় ঐদিন সকল প্রকার পরিবহন বন্ধ রেখে ৪৮ ঘন্টা ধর্মঘট পালনের আহবান জানানো হয়। কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ সরকার বক্তব্য রাখেন। সংগঠনের ৭ দফা দাবিগুলো হচ্ছে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন,কালিয়াকৈর এবং গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতি দখল মুক্ত করে কার্যকরী কমিটি দ্বারা সংগঠন দুটি পরিচালনার ব্যবস্থা, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়নের ব্যবস্থা, প্রত্যেক জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ, হাইওয়ে পুলিশসহ সকল প্রকার পুলিশের হয়রানি বন্ধ , সকল প্রকার চাঁদাবাজি বন্ধ, সিএনজি গ্যাসসহ সকল প্রকার জ্বালানির দাম কমানো ও ঢাকা বিভাগের সঙ্গে (কালিয়াকৈরসহ) সরকারের সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়ন।