ইডেনে তৃতীয় টেস্ট শুরু আজ
চাপে থাকা ভারতের লক্ষ্য ঘুরে দাড়ানো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
স্পিন সহায়ক উইকেট বানিয়ে মুম্বাইয়ে বিপর্যয়ের পর ভারত এখন কলকাতায় আজ বুধবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ঘুরে দাড়াতে চায়। কেননা দ্বিতীয় টেস্টটিতে জিতে ইংল্যান্ড এরই মধ্যে চার টেস্টের সিরিজে ১-১ ব্যবধানের সমতা আনতে সক্ষম হয়েছে। তবে ঘুরে দাড়াতে হলে স্বাগতিক খেলোয়াড়দের মধ্যে এখনো যারা কিছু করে দেখাতে পারেননি তাদের জ্বলে উঠতে হবে।
ইংল্যান্ডের স্পিনাররা মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সুবিধা করতে দেয়নি ভারতের ব্যাটসম্যানদের। স্বাগতিক ভারত দশ উইকেটে পরাজিত হয় টেস্টটিতে। দলের তারকা খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারছেন না বলে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে ভারত থাকছে প্রচন্ড চাপে। অথচ আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ভারত নয় উইকেটে অ্যালিস্টার কুকের ইংল্যান্ডকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল।
ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ হেরেছে ১৯৮৪-৮৫ মৌসুমে। ডেভিড গাওয়ারের দল ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল। ধোনি বাহিনী সম্প্রতি ভাল করতে না পারায় এক থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচে নেমে এসেছে।
ভারতের স্পিন স্বর্গে ইংল্যান্ড মোটেও ভীত নয়। এটা তারা মুম্বাইয়ে প্রমাণ করেছে। আর ভারতের মাটিতে তারা সিরিজ জয় করতে পারে এখন। এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। মুম্বাইয়ে ইংল্যান্ডের স্পিনাররা ১৯ উইকেট তুলে নিয়েছিলেন।
ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক মনে করেন ফলাফল আসবে এমন উইকেট হওয়া উচিত। কুক বলেন,‘যদি উইকেট সত্যিই ফ্লাট হয় তো ফলাফল বের করা কঠিন হয়। আর এমন উইকেট তৈরী করার কোন যৌক্তিকতা নেই যেখানে ম্যাচ ড্র হবে। ভারতের মাটিতে খেলা বলে তাদের সুবিধা রয়েছে। কিন্তু টার্নিং উইকেটে দুই দলেরই সমান সুযোগ থাকে জয়ের।’
ইডেনের উইকেট নিয়ে কুক মনে করেন শিশিরের জন্য প্রাথমিকভাবে পেসাররা সুবিধে পাবেন। কিন্তু পরে উইকেটে টার্নিং দেখা যাবে। কুক বলেন,‘উইকেট দেখে ভালই মনে হয়েছে। মুম্বাইয়ের মত বাউন্স পাওয়া যাবে না। তিন সপ্তাহ আগে এখানে ম্যাচ হয়েছে। তাই এটা একদম নতুন উইকেট নয়।’
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও অনেকটা একমত কুকের সাথে। তিনি বলেন,‘ভাল উইকেট। উইকেট কেমন আচরণ করে দেখতে হবে। প্রথমদিকে অবশ্যই স্পিনারদের সহযোগিতা করবে না। পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।’
শততম টেস্ট ম্যাচের সামনে দাড়িয়ে অফ স্পিনার হরভজন সিং। আজ মাঠে নামলেই ১০০তম টেস্ট ম্যাচে অংশ নেয়া হয়ে যাবে তার। আর এই ইডেনে তিনি ভয়ংকর বোলার। সাত টেস্টে তিনি ৪৬ উইকেটে নিয়েছেন এবং বোলিং গড় ২১.৭৬। তবে তিনি খেলছেন কিনা নিশ্চিত নয়। ইংল্যান্ড দলে ফিরছেন ডান-হাতি ব্যাটসম্যান ইয়ান বেল। উরুর সমস্যায় থাকা ডান-হাতি ইংলিশ পেসার স্টিভেন ফিন খেলতে পারেন। স্টুয়ার্ট ব্রডের জায়গায় খেলতে পারেন তিনি।