আদিতমারীতে বেইলী ব্রিজ স্থাপনের স্থানীয় উদ্যোগ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে সতি নদীর উপর একটি ব্রিজের অভাবে ১২ গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কমলাবাড়ি ইউনিয়নের বাবুপাড়া, চন্দনপাঠ, বুড়ির দীঘি, শিয়াল খোয়া, কালিস্থান, কমলাবাড়ি, হাজিগঞ্জ, বামনের বাসা, দড়িপাড়া, দোলাপাড়া, মৌলভীটারী, মাস্টার পাড়াসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার কৃষক ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে গেলেও বর্ষা মৌসুমে এলাকায় বাঁশ সংগ্রহ করে এলাকাবাসী দু’টি খুঁটির উপর একটি বাঁশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করত। সোমবার এলাকাবাসী নিজ উদ্যোগে ২শ’ ফিট দীর্ঘ ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এই ব্রিজ নির্মাণে সার্বিক সহায়তা প্রদান করছেন বাংলাদেশ কুলি শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজামউদ্দিন নিজাম। ২শ’ ফিট ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।