সেতাবগঞ্জ চিনিকলের আখ মাড়াই ৭ ডিসেম্বর শুরু

উত্তরবঙ্গের অন্যতম বৃহত্ শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে প্রায় ১৭ কোটি টাকার চিনি অবিক্রীত রেখে আগামী ৭ ডিসেম্বর থেকে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু করতে যাচ্ছে। এদিকে চিনি বিক্রি না হওয়ায় আর্থিক সংকটের মধ্যে পড়ে সময়মতো শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। অপরদিকে চিনি বিক্রি না হলে চিনি সংরক্ষণে মিলটি সমস্যায় পড়ার আশংকা দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে চিনির মূল্যে সামঞ্জস্য না থাকায় বর্তমান চিনিকলের গুদামে চিনি অবিক্রীত অবস্থায় রয়েছে। চিনিকল সূত্রে জানা গেছে, ২০১১-২০১২ উত্পাদন মৌসুমে সেতাবগঞ্জ চিনিকল ৩ হাজার ৭৫২.৪০ মেট্রিক টন চিনি উত্পাদন করে। এ পর্যন্ত মিলটি মাত্র ৩৮১.১০ টন চিনি বিক্রয়ে সক্ষম হয়েছে। বর্তমানে এ মিলে ৩ হাজার ৩৭১ টন চিনি অবিক্রীত অবস্থায় রয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে ২০১২-২০১৩ মৌসুমে মিলটি আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে। মিলটিতে ৭০ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ২৫০ টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।