খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

জেলার রামগড় উপজেলাধীন গুইমারা থানার পাইল্লাভাঙ্গা এলাকায় সোমবার রাতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ইটালির ও দেশীয় তৈরি ২টি পিস্তলসহ দুই উপজাতীয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সেনাবাহিনী আটক সন্ত্রাসীর নিকট থেকে ২টি মোবাইল সেট , নগদ ৫ হাজার টাকা ও চাঁদার রশিদ বইও উদ্ধার করেছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গুইমারার ১৫ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর সাফকাতের নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য সুব্রত চাকমার বাড়িতে অভিযান পরিচালনা করে শ্রুতি মোহন চাকমা (৩৭) ও বাবুল চাকমা(২২) নামে দুই সন্ত্রাসীকে আটক করে। আটককৃতদের গুইমারা থানায় সোপর্দ করার পর তারা পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেদের ইউপিডিএফ কর্মী ও সংগঠনের চাঁদা উত্তোলনের পাশাপাশি এলাকায় নাশকতা সৃষ্টির জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে গোপনে তত্পরতা চালাচ্ছিল বলে স্বীকার করেছে।