অগ্নিকাণ্ডে প্ররোচনাকারীদের খুঁজে বের করতে
হবে :প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস কারখানার অগ্নিকাণ্ডে প্ররোচনাকারীদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, এ ধরনের ধ্বংসাত্মক খেলা দুর্ভাগ্যজনক।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তার কার্যালয়ে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তরকালে বলেন, ‘যারা টাকার বিনিময়ে গার্মেন্টস কারখানায় আগুন দিতে শ্রমিকদের প্ররোচিত করছে তাদেরকে খুঁজে বের করতে হবে।’
শেখ হাসিনা আশুলিয়ার তাজরীন গার্মেন্টসের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, তার সরকার সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দিচ্ছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি জানি, যারা জীবন হারিয়েছেন তাদের ফেরত দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের সাহায্য অব্যাহত থাকবে।’
তার সরকার আশুলিয়ায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে গার্ডার ধসে ক্ষতিগ্রস্তদের জন্য সাধ্যমতো সহায়তা করবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের জীবন ধারণে যেন কোন সমস্যা না হয় এ জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।
শেখ হাসিনা আর্থিক সহায়তা প্রদানে তার পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজিএমইএ, ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এবং তৈরি পোশাক আমদানিকারক, হংকং ভিত্তিক লী এন্ড ফাঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মাঝে ২ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানায়, যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি জেলা প্রশাসনের মাধ্যমে সেসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রত্যেকের জন্য ৬ লাখ টাকার চেক পৌঁছে দেয়া হবে।
সূত্র আরো জানায়, অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে।