কেশবপুর আওয়ামী লীগের কমিটি গঠনে অনিশ্চয়তা

সম্মেলনকে সামনে রেখে কেশবপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে মতবিরোধ চরমে পৌঁছেছে। ঐ কারণে ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীদের সাথে নব্য আওয়ামী লীগারদের সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন করে কমিটি করার বিধান থাকলেও এক কমিটিতে চলছে ৯ বছর। দীর্ঘদিন কোন সম্মেলন না হওয়ার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক মাঠ পর্যায়ে দলকে চাঙ্গা করতে ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ থাকলেও দলের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে নব্য আওয়ামী লীগারদের দিয়ে কমিটি গঠনের চেষ্টা করায় দফায় দফায় পণ্ড হয়ে যায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। ফলে জেলা আওয়ামী লীগের বেঁধে দেয়া সময়ের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, যে কোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলে দলের ত্যাগী নেতাকর্মীরা জানান।