সাগর-রুনির খুনিদের গ্রেফতার ও বিচার দাবি ডিআরইউ’র

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নব-নির্বাচিত কমিটি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার-মেহেরুন রুনির প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে। একই সঙ্গে সাগর-রুনিসহ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সকল সাংবাদিক হত্যাকারীদের বিচারের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের দূঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ডিআরইউ। গতকাল মঙ্গলবার নব-নির্বাচিত ডিআরইউ কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার শুরুতেই ডিআরইউ সদস্য সাগর সারওয়ার, মেহেরুন রুনি, দীনেশ দাস ও বিভাষ চন্দ্র সাহাসহ প্রয়াত সকল সহকর্মী, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এবিএম জিয়াউল কবির সুমন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক রেজাউল করীম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।