হরতাল সফল করায় জামায়াতের অভিনন্দন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি পুলিশের গুলিতে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার রানীর বন্দরে ছাত্রশিবিরের কর্মী মুজাহিদ নিহত হওয়ার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি এবং আগামী শুক্রবার নিহতের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি আরো বলেন, জামায়াত আহূত হরতাল সফল করে জনগণ প্রমাণ করেছে যে, এ সরকারের প্রতি তাদের কোন সমর্থন নেই। পুলিশ এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনকে জামায়াত-ছাত্রশিবিরের ওপর লেলিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মকবুল আহমাদ বলেন, গত দু’দিনে পুলিশ সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের প্রায় ৪০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি করেন তিনি।