লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের হাতে জেএসএসের দুই কর্মী নিহত

খাগড়াছডির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের গুলিতে গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই কর্মী নিহত হয়েছে বলে অভিযোগ করেছে জেএসএস। তারা হলেন, কৃপা সুখ চাকমা ওরফে সৈকত (২৫) ও দেবব্রত চাকমা (৩২)। লক্ষ্মীছড়ির শুকনাছড়ি ও বড়ইতলীর বাসিন্দা ছিলেন তারা। লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় জেএসএস’র ঐ দুইকর্মী বাইন্যাছোলার সরকারদেব পাড়ায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫/৬জন অস্ত্রধারী হঠাত্ এসে তাদের ঘেরাও করে। পরে কাছ থেকে ৬/৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। এদিকে, গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গত সোমবার গভীর রাতে রামগড় থানার কালাপানি পাইল্যাভাঙ্গা এলাকায় জনৈক সুব্রত চাকমার বাড়িতে অভিযান চালিয়ে শ্রুতি মোহন চাকমা (৩৭) ও বাবুল চাকমা (২২) নামে ইউপিডিএফের দুই কর্মীকে অস্ত্রসহ আটক করেছে।