তাজরীন গার্মেন্টসের শ্রমিকরা বেতন পাচ্ছেন আজ

সাভারের আশুলিয়ায় তাজরীন গার্মেন্টস কারখানার শ্রমিকরা আজ বুধবার বেতন পাচ্ছেন। ৯৯০ জন শ্রমিককে বিদ্যমান শ্রম আইন অনুযায়ী অন্যান্য প্রাপ্যও দেয়া হবে। এছাড়া আরো কয়েকজনকে এখনো চিহ্নিত করা যায়নি। গতকাল মঙ্গলবার শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও পোশাক মালিক ও শ্রমিকদের মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজিএমইএসহ সরকারের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে বেতন পরিশোধ করবেন। বৈঠক শেষে বিজিএমইএ’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, আগামীকাল (আজ) টঙ্গীতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট (আইআরআই) প্রাঙ্গণে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।’ গত শনিবার শ্রমিকদের বেতন দেয়ার কথা থাকলেও ভুয়া তালিকা নিয়ে অনেকে হাজির হওয়ার অভিযোগে তখন বেতন দেয়া সম্ভব হয়নি। গত রবিবার তাজরীনের বিজিএমইতে শ্রমিকদের সাথে এক বৈঠকে তাদের বেতন আজ বুধবার দেয়ার সিদ্ধান্ত হয়। তবে এ নিয়ে ধূম্রজাল তৈরি হয় বেতন ৬ ডিসেম্বর আগামীকাল বৃহস্পতিবার দেয়ার ঘোষণা দেয়ার পর। সোমবার বিজিএমইএ সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ধরে রাখেন বেতন ৬ তারিখে হচ্ছে।’ বৈঠকে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম, বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক নেতাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।