তাজরীনের ঘটনায় আরো এক শ্রমিকের মৃত্যু চিকিত্সাধীন ২২

তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ফাতেমা নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানীর এ্যাপোলো হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে ঐ শ্রমিকের মৃত্যু হয়। নিহত ফাতেমার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। এছাড়া রাজধানীর ইউনাইটেড, ট্রমা সেন্টার, পঙ্গু ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নেয়া ৫৫ শ্রমিকের মধ্যে ৩৩ জন হাসপাতাল ছেড়েছেন। বাকী ২২ জন বিজিএমইএ’র তত্ত্বাবধানে এখনো চিকিত্সা নিচ্ছেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান, বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি। তিনি জানান, ফাতেমাকে আমরা বিদেশে নিয়ে যেতেও প্রস্তুত ছিলাম। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাজরীনের ঘটনায় নিহত ৪৩ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ৬ লাখ টাকা করে দেয়া হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের পরিচয় শনাক্ত করা যায়নি এমন ৫৩ জনের লাশের ডিএনএ শনাক্তকরণের পর তাদের পরিবারের হাতেও সমপরিমাণ অর্থ দেয়া হবে। ক্ষতিপূরণের এই অর্থ প্রধানমন্ত্রীর তহবিল, বিজিএমইএ, ক্রেতা প্রতিষ্ঠান লি এন্ড ফাং, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (বিএবি) বিভিন্ন তহবিল থেকে পাওয়া। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার তাজরীনের শ্রমিকদের বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে তাজরীন ফ্যাশনস কারখানা ও বিজিএমইএ ভবনে পৃথক তথ্য কেন্দ্র খোলা হয়েছে।