সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতে
হাসপাতালে প্রিন্স
উইলিয়াম
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
ব্রিটেনের প্রিন্স উইলিয়াম তার সন্তানসম্ভবা স্ত্রী কেট মিডলটনকে দেখতে গতকাল মঙ্গলবার হাসপাতালে যান। কেট বর্তমানে কেন্দ্রীয় লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে ভর্তি আছেন। তিনি প্রাতঃকালীন দুর্বলতায় ভুগছেন। ব্রিটিশ চিকিত্সা-বিদরা বলছেন, সন্তানসম্ভবা হবার পর প্রাতঃকালীন দুর্বলতায় যারা ভুগে থাকেন তাদের জমজ সন্তান হবার সম্ভাবনা বেশি। হবু পিতা উইলিয়াম গতকাল সকালেই স্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি নিজেই চালিয়ে যান তার সবুজ রঙের ল্যান্ড রোভারটি। হাসপাতালের প্রবেশমুখে সাংবাদিকরা সারি বেঁধে দাঁড়িয়ে গেলেও উইলিয়াম মুচকি হেসে ভেতরে ঢুকে যান। কারো সাথে কথা বলেননি। তিনি সোজা কেটের কেবিনে প্রবেশ করেন।
২০১১ সালের ১১ এপ্রিল কেট-উইলিয়াম বিয়ে করেন। তাদের দু’জনেরই বয়স ৩০ বছর। সোমবার রাজপরিবারের দাফতরিক বাসভবন জেমস প্যালেসের এক বিবৃতিতে কেটের মা হতে যাবার কথা প্রকাশ করা হয়। তার গর্ভের সন্তানের বয়স ১২ সপ্তাহের মতো। কেটের মা হবার খবরে দারুন উল্লসিত রাজ পরিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিবিসি।