নোয়াখালীর সুবর্ণচরে
জলদস্যুদের হামলা
৩০০ গরু-মহিষ লুট
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরমাকসুমুল গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বন ও জলদস্যুরা অতর্কিত হামলা চালিয়ে দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় তারা তিনশতাধিক গরু-মহিষ লুট করে নিয়ে যায়। হামলাকালে দস্যুরা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক জানান, গতকাল সকাল ৮টার দিকে সন্দ্বীপের উড়িরচরের নিহত দস্যু হারিছ বাহিনীর ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ট্রলারযোগে এসে অতর্কিতে চরমাকসুমুল গ্রামের স্টিমারঘাট এলাকায় বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা গুলি ছোঁড়ে এবং এলাকার লোকজনকে মারধর করে। এক পর্যায়ে দস্যুরা ভূমিহীনদের দুইটি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং স্থানীয় বাসিন্দাদের তিনশতাধিক গরু-মহিষ লুট করে পার্শ্ববর্তী নদী পার হয়ে দুর্গম উড়িরচরের দিকে নিয়ে যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেলেও লুটকৃত গরু-মহিষ উদ্ধার করতে পারেনি, তবে চেষ্টা চলছে।