আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বাংলাদেশ লেখক ঐক্য সরকারের কাছে দশটি প্রস্তাব রেখেছে। গতকাল শনিবার রাজধানীর কাঁটাবনের লেখক আড্ডায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবগুলো পেশ করেন সংগঠনের সভাপতি ফাহমিদুল হক। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রস্তাবগুলোর প্রেক্ষাপট তুলে ধরেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, ১২২ বাঙালি লেখকের রচনাবলী প্রকাশের লক্ষ্যে বাংলা একাডেমিকে জাতীয় বাজেট থেকে পৃথক প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা। সরকারি অর্থায়নে বই ক্রয়ের প্রক্রিয়া অব্যাহত রাখা ও বই ক্রয়ের প্রক্রিয়াটি দলীয় প্রভাবমুক্ত রাখা। অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে স্থায়ী লেখক চিকিত্সা তহবিল করার দাবি। ভর্তুকিতে ‘লেখক কাগজ’ পুনরায় চালু করার প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবের মধ্যে গ্রন্থ প্রকাশনাকে শিল্প হিসেবে ঘোষণারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এর পাশাপাশি ভারতে বাংলাদেশি বইয়ের বিক্রয়কেন্দ্র খোলার পরামর্শ দেওয়া হয় এবং একইভাবে সরকারি উদ্যোগে থানা পর্যায় পর্যন্ত বিক্রয়কেন্দ্র খোলার দাবি জানানো হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে—জাতীয় অনুবাদ ইনস্টিটিউশন এবং বাংলা উন্নয়ন বোর্ড গঠন।