শুটিংস্পট

শেষ হলো ‘এইতো প্রেম’ ছবির শুটিং

দীর্ঘ তিন বছর ধরে দর্শকেরা দিন গুনছেন মুক্তিযুদ্ধ ও প্রেমের কাহিনী অবলম্বনে বহুল আলোচিত চলচ্চিত্র ‘এইতো প্রেম’ ছবিটির মুক্তির অপেক্ষায়। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সমপ্রতি শেষ হলো ছবিটির শুটিংয়ের কাজ। তারও পূর্বে নির্মাতা সোহেল আরমান ছবিটির শুটিং শুরু করেছিলেন ২০০৯ সালের নভেম্বরে। শুরু থেকেই ঘটনার বিচিত্রতায় ‘এইতো প্র্রেম’ ছিল টক অব দ্য শোবিজ। যেমন এই ছবিটি দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটেছে খ্যাতিমান চিত্র পরিচালক আমজাদ হোসেন তনয় সোহেল আরমানের। এই ছবির মাধ্যমেই প্রথম বারের মতো জুটিবদ্ধ হলেন ঢালিউড কিং শাকিব খান ও লাক্স তারকা বিন্দু। পাশাপাশি এই ছবির মাধ্যমেই হাবিব ওয়াহিদ প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের কোনো গল্প নিয়ে তৈরি ছবিতে সংগীত পরিচালনা করলেন। উল্লেখ্য, এই ছবিতে হাবিবের সংগীতে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই’ গানটি দেশব্যাপী আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও এই ছবিটি শাকিব ও বিন্দুর মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে কাজ করা প্রথম ছবি। আর এসব কারণেই দেশের দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধা ও সমালোচকদেরও দৃষ্টি ছিল ‘এইতো প্রেম’-এর দিকে। কিন্তু বেশকিছু কারণে নির্ধারিত সময়ে শুটিং শেষ করতে পারেননি নির্মাতা সোহেল আরমান। আবার সব কিছু গুছিয়ে সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুরের হরিণার চরে নিয়ে গিয়েছিলেন ‘এইতো প্রেম’ ছবির শুটিং ইউনিটকে। সঙ্গে ছিলেন ছবিটির তিন প্রধান শিল্পী শাকিব, বিন্দু ও অমিত হাসান। গত ৮ নভেম্বর মানিকগঞ্জে ছবিটির শেষ দৃশ্যের চিত্রায়ন সম্পন্ন হয়। ওইদিন শুটিংয়ে অংশ নেন শাকিব খান, বিন্দু ও অমিত হাসান। পরিচালক সোহেল আরমান জানান, সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ‘এইতো প্রেম’ ছবির দৃশ্যধারণ করা হয়। তারপর গল্পের প্রয়োজনে শীতের অপেক্ষায় ছিলেন তিনি। তাই শীতের দেখা পেয়েই পুরো টিম নিয়ে মানিকগঞ্জে চলে যান। তিনি বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক যে ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে আমরা ছবিটি দর্শকদের সামনে নিয়ে যেতে পারিনি। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমরা সর্বশেষ শুটিং করেছিলাম। তারপর শীতের জন্য গত আটমাস ধরে শীতের অপেক্ষায় ছিলাম। কারণ ছবির শেষ দৃশ্যটি শীতকালেই করতে হবে। যাক, সবকিছু ভালোয় ভালোয় শেষ হয়েছে এটাই স্বস্তির বিষয়। আশা করছি শিগগিরই ছবিটি দর্শকেরা হলে দেখতে পাবেন। শীতকে পেয়ে তাই বাকি কাজটুকু সেরে নিলাম।’ এই তরুণ নির্মাতা আরও বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত একটি প্রেমের সিনেমা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের দর্শকেরা একটি ভালো ছবি পেতে যাচ্ছেন। ছবিটির জন্য সবাই অনেক পরিশ্রম করেছি। বিশেষ করে শাকিব-বিন্দুর কথা বলতেই হয়। আর শাকিব প্রথমবারের মতো গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করেছে। তার অভিনয়ে দর্শকরা মুগ্ধ হবে। তা ছাড়া অন্য শিল্পীরাও অনেক মনোযোগ নিয়ে এখানে কাজ করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। সেই সাথে আশা করব সমালোচনা করার জন্য হলেও সবাই হলে গিয়ে ‘এইতো প্রেম’ ছবিটি দেখবেন। এদিকে ‘এইতো প্রেম’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ অ্যাম্বাসির পক্ষে অলিভ আহমেদ জানান, ‘ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। শাকিব-বিন্দু অভিনীত চলচ্চিত্র ‘এইতো প্রেম’ বছরের সেরা ভালো ছবি হবে তাতে সন্দেহ নেই। আশা করছি আমাদের প্রিয় দর্শকেরা ব্যতিক্রমী এবং মনে রাখার মতো একটি সিনেমা পেতে যাচ্ছেন। আসছে ভালোবাসা দিবস, ভাষা দিবস কিংবা স্বাধীনতা দিবসের যেকোনো একটি দিনে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’ উল্লেখ্য, ২০১০ সালে ‘এইতো প্রেম’ ছবির গান নিয়ে প্রকাশ হওয়া অডিও অ্যালবামে হাবিবের সংগীতে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই’ গানটি শ্রোতাদের কাছে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল।