কবিতা ও গানের
ডালা নিয়ে আসছে পঞ্চপাপড়ি
সোহেল হাবিব, কুমারখালি, কুষ্টিয়া
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:০০
বাংলাদেশে এমন আয়োজন বিরল। একই পরিবারের সব সদস্য কণ্ঠশীলন ধ্যানে দীক্ষিত এবং সকলেই আবৃত্তি করেন। এদের মধ্যে কেউ কেউ সংগীত শাস্ত্রেও উচ্চশির।
আবৃত্তিশিল্প তাদের জীবনের সকল প্রাতঃকে আনন্দময় করে, সকল দিবসকে শাণিত করে, সকল নিশিকে ভোর করে তোলে।
আমরাও সেই সুবাতাসে স্নিগ্ধ হই, বাঙালিত্ব চৈতন্যে সংস্কৃতিমান হই, এই পথের পথিক ভেবে ধন্য হই।
এই পরিবারের দুই প্রধান তহমিদ আহমদ ও বিলকিস আহমদ - জীবনসঙ্গী তারা, পার করেছেন ৭০-এর কোঠা ও ৬৫-এর কোঠা।
তাদের পুত্র তমাল, কন্যা তমা এবং পুত্রবধূ রুমা এই ‘পঞ্চপাপড়ি’ কবিতা ও গানের ডালা নিয়ে উপস্থিত হবেন আগামী ৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এই আয়োজনে সকল স্তরের শিল্পীমনা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।