দাড়িয়াপুরে ‘বউ’ নাটকের সফল মঞ্চায়ন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের দশম সম্মেলন গত শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়। কবিতা অবৃত্তি করেন বেলায়েত হোসেন, গান পরিবেশন করেন চুনি ইসলাম, বিথী, ডলি, সুমা সেন, কথা শিরিন ও অসীম এবং নৃত্য পরিবেশন করেন সত্যেন সেন সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর উদীচীর শিল্পীরা ‘বউ’ নাটক পরিবেশন করেন। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যক্ষ হাসান আজিজুর রহমান। পরে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, বেলায়েত হোসেন, জহুরুল কাইয়ুম, ওয়াজিউর রহমান র্যাফেল, মিহির ঘোষ, কবি সরোজ দেব, আমাতুর নুর ছড়া, মাসুদুল হক প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে জহুরুল কাইয়ুমকে সভাপতি ও মাহমুদুল গনি রিজনকে সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এর আগে সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।