আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জামায়াতে ইসলামী খোলস পাল্টে নতুন নামে আসলেও তাদের রাজনীতি করার কোনো সুযোগ ও অধিকার নেই। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শের-ই-বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, জামায়াতের সংস্কারপন্থিদের উদ্দেশ্য কি? তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে কিনা, সেসব বিষয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে। জামায়াতের উদ্যোগকে আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে সরকারের চাপ রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সম্পর্কে হানিফ বলেন, শপথের বিষয়ে বিএনপির এমপিদের ওপর সরকারের কোনো চাপ নেই। তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ নিয়েছেন। জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে আসা উচিত।