ক্লার্কের কাছে ওয়ার্নের দুঃখ প্রকাশ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২২
আগামী বছরের এ্যাশেজ সিরিজে নাটকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন যে মন্তব্য করেছিলেন তার জন্য বুধবার টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। গণমাধ্যমে ওয়ার্নের এই মন্তব্যটি নিয়ে রিপোর্ট হলে তা নিয়ে হইচই পড়ে যায়। অসি অধিনায়ক ও ঘনিষ্ঠ বন্ধু ক্লার্কের কাছে পাঠানো এক টুইটার বার্তায় ওয়ার্ন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এই লেগ স্পিনার টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু গত চার বছর ধরে ৪৩ বছর বয়সী ওয়ার্ন ভারতীয় প্রিমিয়ার লীগে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে ছিলেন। ২০০৮ সালে তার নেতৃত্বে রাজস্থান প্রথম আইপিএল এর শিরোপাও জিতেছিল। মেলবোর্ন স্টারসের হয়ে এখন তিনি অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লীগে আরেকবার খেলার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন। সমপ্রতি অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ লিমিটেড পত্রিকায় তিনি বলেছেন এখনও তিনি টেস্ট ক্রিকেটে সাফল্যের সাথেই বোলিং করতে পারবেন এবং এতে কোন সন্দেহ নেই। সাথে সাথে তিনি ক্লার্ককে উদ্দেশ্য করে একথাও বলেছেন যে, সমপ্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বোলারদের ব্যর্থতার কারণে অধিনায়ক যদি তাকে দলে প্রয়োজন মনে করে তবে তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ওয়ার্ন বলেন, ‘‘যদি তোমার সবচেয়ে ভাল বন্ধু তোমাকে চায় তবে সবাই বিষয়টি নিয়ে চিন্তা করে। আমাকে যদি ক্লার্ক বলে তবে আমি অবসর ভেঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য গুরুত্বের সাথে চিন্তা করব। বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। বোলিংয়ের ক্ষেত্রে বিবেচনা করলে আমি মনে করি না আমার বোলিং পারফরমেন্স নিয়ে দুঃশ্চিন্তার কিছু রয়েছে। কিছুটা সময় লাগবে, তবে আমি ঠিকই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারব।” তিনি আরো বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে সদ্য সমাপ্ত টেস্টের পরে তিনি অনুভব করেছেন তার আবারো পাঁচদিনের ম্যাচে ফিরে আসা উচিত। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা যখন প্রোটিয়াদের উপর কোন প্রভাব বিস্তার করতে পারেনি তখন ওয়ার্ন বিষয়টি নিয়ে বেশী চিন্তা করেছেন। তিনি বলেন, আমার মনে হয়েছিল মাঠে দৌড়ে গিয়ে বল হাতে নিয়ে নেই। অধিনায়কের দৃষ্টিভঙ্গি থেকে আমি ঐ সময় সত্যিকার অর্থেই ক্লার্কের অবস্থা উপলব্ধি করতে পেরেছি। একজন আন্তর্জাতিক মানের বোলার যখন এক ওভারে একটি বা দুটি ফুলটস বল ও হাফ ভলি বল দেয় তখন সেসব বোলারের জন্য আমার করুণা হয়।
অস্ট্রেলিয়া শেষ টেস্টে ৩০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে। আর এ কারণে তাদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে আসার সম্ভাবনাও নষ্ট হয়ে যায় অস্ট্রেলিয়ার। -বাসস/এএফপি